বড় ভাই মন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানাতে শত শত ‘ছোট ভাইদের’ ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি চলছে তার। একই দিনে শপথ নেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও।

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। ২৫ সদস্যের পূর্ণ মন্ত্রীর মধ্যে ২৩ জন সংসদ সদস্য ও দুজন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন।

শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। নিজ নিজ এলাকার কৃতী সন্তানদের মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখতে ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

ঝিনাইদহ থেকে আসা মুস্তাফিজ বলেন, ‘আমাদের এলাকার কৃতী সন্তান আসাদুজ্জামান ভাই আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন। পরে এমপি হয়েছেন। আজ তিনি মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। ছোট ভাই হিসেবে আমরা তার স্নেহ পেয়েছি সবসময়। তাই তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।’

এলাকার বড় ভাই মন্ত্রী হওয়ায় একই রকম অনুভূতির কথা জানান সাইফুল ইসলামসহ আরও অনেকে। তারা বলেন, এমন মুহূর্ত জীবনে একবারই আসে। তাই সবাই মিলে এই আনন্দ ভাগ করে নিতে এসেছেন।

যশোরের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমাদের বড় ভাই অনিন্দ্য ইসলাম (অমিত) সবসময় আমাদের পরামর্শ দিতেন। ছাত্রআন্দোলন থেকে শুরু করে নানা বিষয়ে তিনি পাশে ছিলেন। আজ তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তাই ফুল নিয়ে অপেক্ষা করছি।’

অন্যদিকে, ফেনীর বাসিন্দা ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকার রাজনৈতিক অভিভাবক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাই আজ মন্ত্রী হচ্ছেন। কয়েকজন মিলে এসেছি তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাতে।’

সকাল থেকেই সংসদ ভবন এলাকার মনিপুর গেটসহ আশপাশের এলাকায় ভিড় লক্ষ্য করা যায়। হাতে ফুল, ব্যানার ও মোবাইল ফোনে ছবি তোলার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন আগতরা। অনেকেই বলছেন, এলাকার বড় ভাই মন্ত্রী হওয়া শুধু ব্যক্তিগত গর্ব নয়, বরং পুরো এলাকার জন্য সম্মানের বিষয়।

নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশাও বাড়ছে নতুন সরকারের প্রতি।

এভাবেই আনন্দ, আবেগ ও প্রত্যাশার মধ্যদিয়ে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে অপেক্ষায় রয়েছেন শত শত ‘ছোট ভাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *