দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন তোতা মিয়া

​গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তোতা মিয়া নামের এক কর্মী। তিনি সম্প্রতি নির্মমভাবে খুন হওয়া বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর আপন ফুফাতো ভাই। ভাইয়ের হত্যার প্রতিবাদ এবং ক্ষোভ থেকেই তিনি এই অভিনব পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়া দীর্ঘদিন ধরে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ২১ জুন প্রকাশ্য দিবালোকে তার ফুফাতো ভাই সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী সরাসরি অভিযুক্ত হওয়ায় তোতা মিয়া চরম ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন। নিজ দলের নেতাকর্মীদের হাতে ভাইয়ের এমন নির্মম মৃত্যু মেনে নিতে না পেরেই তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
​অতীতের রাজনৈতিক সম্পৃক্ততা থেকে নিজেকে ‘পবিত্র’ বা ‘মুক্ত’ করার এক প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি জনসম্মুখে দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী পথ বেছে নেন। দুধ দিয়ে গোসল করার সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
​এ সময় তোতা মিয়া উপস্থিত জনতার সামনে ঘোষণা দেন যে, তিনি আর কখনো বিএনপির রাজনীতির ছায়ামড়াবেন না এবং এখন থেকে সম্পূর্ণ সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করবেন। একইসাথে তিনি তার ফুফাতো ভাই সাইফুল্লাহ বারী হত্যার সাথে জড়িত সকল আসামির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজনীতি ছাড়ার এই অভিনব দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *