পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

পুরানা পল্টন কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পুরানা পল্টন কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট ড. হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য শাহীন আহমেদ খান, কলেজের অধ্যক্ষ লুৎফুন নাহার, স্থানীয় মোস্তাফিজুর রহমান শাহীন, মাওলানা মোস্তফা কামালসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, একটি জাতি গঠনের জন্য শিক্ষার গুরত্ব অপরিসীম। শিক্ষার মাধ্যমেই এই জাতির ভিত্তি স্থাপিত হবে, মেরুদণ্ড শক্তিশালী হবে। কিন্তু সেই কাজের জন্য যেভাবে ভূমিকা রাখা দরকার বিগত সময়ে আমরা সেই ভূমিকা দেখতে পাইনি। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, সচিবালয়ের একেবারে নিকট পুরানা পল্টন কলেজ। অথচ এই কলেজটির অবকাঠামোগত উন্নয়ন কিংবা শিক্ষার মানোন্নয়নে কোনো পদক্ষেপ অতীতে গ্রহণ করা হয়নি। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলে আসছে। তিনি বলেন, পুরানা পল্টন কলেজ ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত কলেজটি অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে আছে। অথচ এই কলেজের পরে প্রতিষ্ঠিত হয়ে বহু কলেজ অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে তিনি নিজে এই কলেজের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন ভবণ নির্মাণের জন্য একটি বরাদ্দ প্রদান করে। সেই বরাদ্দের অর্থায়নে নবনির্মিত ভবনের আজ ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এই ভবনটি নির্মাণ হলে একদিকে কলেজের অবকাঠামোগত উন্নয়ন হবে অপরদিকে শিক্ষার্থীদের পাঠদানের যেই বিদ্যমান সমস্যা সেটি নিরসন হবে। এসময় তিনি উপস্থিত ঠিকাদারের উদ্দেশ্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে কোনরূপ অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে সমাজের প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *