বিশিষ্ট আইনজ্ঞ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাজধানীর একটি হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৭৫ বছর ৪ মাস বয়সে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী গণমাধ্যমকর্মীদের প্ল্যাটফর্ম মুক্ত গণমাধ্যম মঞ্চ। রবিবার মুক্ত গণমাধ্যম মঞ্চের অফিস বিভাগের পরিচালক এস এম নাসিম স্বাক্ষরিত এক শোকবার্তা গণমাধ্যমে প্রেরণ করা হয়।
মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি সৈয়দ শিমুল পারভেজ উক্ত বার্তায় শোক প্রকাশ করেন। রাজ্জাকের প্রথম জানাযায় প্ল্যাটফর্মের পক্ষে অংশগ্রহণ করেন মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার।
শোকবার্তায় বলা হয়, আব্দুর রাজ্জাক ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী । তিনি আশির দশকের পর থেকে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় জড়িত ছিলেন। বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্যক্তিগত জীবনে মিস্টভাষী ও সমাজ পরিবর্তনে আকাঙ্ক্ষী রাজ্জাক অত্যন্ত স্পষ্টবাদী মানসিকতার প্রখর ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন।
জনাব আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশের আইনঅঙ্গনের অপূরনীয় ক্ষতি হলো। বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার সমুন্নত করতে তাঁর অবদানের কথা চিরস্মরনীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁর শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এ শোকবার্তায়।
