জয়পুরহাটে চিনিশিল্প ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে সংবর্ধনা

মোঃ মোরছালিন জয়পুরহাট

বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেনকে জয়পুরহাটে ফুলেল সংবর্ধনা ও বিজয় মিছিলের মাধ্যমে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) জয়পুরহাট চিনিকলে এই সংবর্ধনা অনুষ্ঠান ও মিছিল অনুষ্ঠিত হয়।

গত ৩ আগস্ট রাজধানীর চিনিশিল্প কর্পোরেশন সদর দপ্তরের অষ্টম তলায় গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জয়পুরহাট চিনিকলের সাধারণ সম্পাদক মো.জায়েদ হোসেন। কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ পদে জয়পুরহাট চিনিকলের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় শ্রমিক-কর্মচারীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এছাড়াও, একই নির্বাচনে ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জচিক শ্রঃকঃ ইউনিয়নের সভাপতি মো.আলী আকতার।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের মনোনয়নপ্রত্যাশী জনাব ফয়সল আলিম। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাব, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং চিনিকলের বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী।

সংবর্ধনা অনুষ্ঠান পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো.জায়েদ হোসেন। তিনি বলেন, এই বিজয় আমার একার নয়, এটি চিনিশিল্পে কর্মরত সকল শ্রমিক-কর্মচারীর বিজয়। আমি আজীবন তাদের প্রতি ঋণী। এতদিন আমি শুধু জয়পুরহাট চিনিকলের জন্য কাজ করেছি, এখন থেকে দেশের সকল রাষ্ট্রায়ত্ত চিনিকলের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করব।

পরে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল চিনিকল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে পুনরায় চিনিকলে গিয়ে শেষ হয়। মিছিলে ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র, অসংখ্য মোটরসাইকেল, অটো, সিএনজি ও ট্রাকে করে শত শত শ্রমিক-কর্মচারী অংশ নেন।

শ্রমিক-কর্মচারীরা এই বিজয় ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং চিনিশিল্পের সার্বিক উন্নয়ন ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *