মাসুদুর রহমান রুবেল, আশুলিয়া (ঢাকা):
আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবী জানাই।
সংহতি প্রকাশ করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান বলেন, আমরা সংবাদ কর্মীদের পাশে সবসময় রয়েছি। সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি। তারাই আমাদের ভাই। সাংবাদিক পুলিশ সবসময় এক সাথে পথ চলতে হয়। তবে আমাদের অন্যায় কিছু পেলে আমাদের সাথে সাথে ধরিয়ে দিবেন। তবে তাদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করি দ্রুত চার্জশিট দিয়ে অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।
আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম সৌরভ বলেন, “অনিকের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার (সাকিব) বলেন, “গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তাদের পেছনে কাদের মদদ রয়েছে, তা খতিয়ে দেখা দরকার। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী ও সাংবাদিকগণ।
