শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া কখনোই একটি সমৃদ্ধ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। অথচ দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর মে দিবস এলেই অনেক রাজনৈতিক দল ও শাসকগোষ্ঠী শ্রমিকদের নিয়ে মুখোরচক বক্তব্য দেয়, বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের কোনো আন্তরিকতা দেখা যায় না।

তিনি আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে (শুক্রবার) বেলা ১১টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। গার্মেন্টস শ্রমিক, কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, প্রবাসী শ্রমিকসহ সকল মেহনতী মানুষের অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি অবহেলিতও তারাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক শ্রমিক পরিবার দু’বেলা ঠিকমতো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। অথচ লুটপাট, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে একটি শ্রেণি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে।

ডাঃ ইরান বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা নির্ধারণ, চিকিৎসা সুবিধা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা ও ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ফ্যাসিবাদী দুঃশাসন ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার কারণে শ্রমিকদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হয়েছে। শ্রমিক আন্দোলন দমনে হামলা-মামলা, গুম-খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করা হয়েছে, যা স্বাধীন দেশের জন্য লজ্জাজনক। মে দিবসে শ্রমিকবান্ধব বুলি আওড়ালেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় না। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে। যারা শ্রমিকের রক্ত-ঘাম শোষণ করে ক্ষমতা ও সম্পদের পাহাড় গড়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মহানগর আহবায়ক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান। বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা জেলা লেবার পার্টির সমন্বয়কারী শেখ মোহাম্মদ আলী, মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মহানগর ছাত্রমিশনের সদস্য সচিব মোঃ সিয়াম মোল্লা, পল্টন থানা সদস্য সচিব মোঃ সুমন খন্দকার, ছাত্রমিশন নেতা মোহাম্মদ সাব্বির হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন পল্টন থানা লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ মিঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *