গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের

সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
তিনি বলেছেন, ‘সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।’

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার ও কর্মশালায় একেএম আব্দুল হাকিম এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন একেএম আব্দুল হাকিম।
আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. শহিদুল ইসলাম, সচিব মো. আব্দুস সবুর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।

সেমিনারে অন্য বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ভাবমূর্তিই নষ্ট করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে।’ 
কর্মশালায় ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সাব এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *