গাঁজা নিয়ে মানুষের আগ্রহ যে আধুনিক যুগের ঘটনা নয়, তারই নতুন প্রমাণ মিলেছে সাইবেরিয়ার এক প্রাচীন সমাধিতে। প্রায় ২৮০০ বছর আগের সমাধি থেকে উদ্ধার হওয়া গাঁজার বীজের পাশাপাশি মানুষের চুলেও পাওয়া গেছে গাঁজার নেশা সৃষ্টিকারী উপাদানের রাসায়নিক চিহ্ন। গবেষকদের দাবি, প্রাগৈতিহাসিক যুগে গাঁজার নেশাজাতীয় ব্যবহারের সবচেয়ে পুরোনো সরাসরি প্রমাণ এটি।
দক্ষিণ সাইবেরিয়ার টুভা অঞ্চলের উয়ুক উপত্যকায় অবস্থিত টুনুগ ১ নামের একটি প্রাচীন সমাধিক্ষেত্রে খননকাজ চালাতে গিয়ে এই আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা। সমাধিটি সিথিয়ান সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। সিথিয়ানরা ছিল ইউরেশীয় তৃণভূমিতে বসবাসকারী ঘোড়সওয়ার যাযাবর জনগোষ্ঠী।
সমাধির ভেতরে পাওয়া গেছে বিপুলসংখ্যক গাঁজার বীজ, মানুষের দেহাবশেষ, ঘোড়ার কঙ্কাল এবং নানা মূল্যবান সামগ্রী। গবেষকরা এক হাজারেরও বেশি গাঁজার বীজ উদ্ধার করেন। এর মধ্যে কয়েকটি বীজের রেডিওকার্বন পরীক্ষা করে জানা গেছে, সেগুলো খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের। অর্থাৎ প্রায় ২৮০০ বছর আগে সেগুলো সমাধিতে রাখা হয়েছিল।
তবে শুধু সমাধিতে গাঁজার বীজ পাওয়া যাওয়াই প্রমাণ করে না যে সে সময় মানুষ নেশার জন্য গাঁজা ব্যবহার করত। কারণ, প্রাচীনকালে গাঁজা থেকে তেল ও আঁশ সংগ্রহ করা হতো। এসব আঁশ দিয়ে দড়ি ও কাপড় তৈরি করা যেত। তাই গবেষকরা আরও একটি সূত্র খুঁজতে শুরু করেন।
