রংপুর প্রতিনিধি
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসা-তে আজ রবিবার অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত আয়োজন—মৌসুমী ফল উৎসব ২০২৫। “দেশি ফল বেশি বল” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ উৎসবটি শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো ও পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত হয়।
এই উৎসবে দেশি-বিদেশি প্রায় ৪০ প্রজাতির মৌসুমী ফল প্রদর্শিত হয়। আম, লিচু, কাঁঠাল, তরমুজ, জাম, পেয়ারা, আনারস, ড্রাগন ফল, স্ট্রবেরি, মাল্টা, কমলা, খেজুর, বেল, আঙুর, গোলাপজাম, জামরুল, ডাব, আনার, ডেউয়াসহ নানা স্বাদের ফল স্থান পায় প্রদর্শনীতে। রঙ-বর্ণ ও স্বাদের বাহারে মাদরাসা চত্বর যেন এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
উৎসবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সুপার, ধনতোলা দাখিল মাদরাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আনসারুল হক, মুহতামিম হাফেজ মোঃ বেলাল আহমেদ, এবং মাওলানা মোঃ নাবিদ হাসান। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুল হক, পরিচালক মাওলানা মোঃ মিজানুল হক, প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈম ত্বহা, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মহিউদ্দিন, ও মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা তুলে ধরে বলেন, “দেশীয় ফল শুধু সুস্বাদু নয়, বরং তা শিশু-কিশোরদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে সহায়ক। শিক্ষার্থীদের খাদ্যাভ্যাসে দেশি ফল অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”
আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
