মেহেদী হাসান সেতু, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ এলাকায় রাতের অন্ধকারে এক কৃষকের ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ নাশকতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেপ্রীগঞ্জ গ্রামের কৃষক মো. ওবায়দুল হক বসুনিয়া দীর্ঘদিন ধরে টেপ্রীগঞ্জ মৌজার ২৫৩ নম্বর খতিয়ান ও ১৬০৯ নম্বর দাগের প্রায় ১৪ শতক জমিতে চাষাবাদ করছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে আমন ধান রোপণ করেছিলেন। ইতোমধ্যে ধান গাছে শীষ আসা শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা তার জমিতে আগাছানাশক ছিটিয়ে দেয়, ফলে মুহূর্তের মধ্যেই পুরো ক্ষেতের ফসল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ওবায়দুল হক বলেন, “আমার জীবনের পরিশ্রম আর স্বপ্নের ফসল চোখের সামনে নষ্ট হয়ে গেল। কারা এমন কাজ করল, কিছুই বুঝতে পারছি না।”
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে দেখা গেছে ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
