পঞ্চগড়ের দেবীগঞ্জে জাল সনদে ভিডব্লিউবি প্রকল্পে চাকরি

মেহেদী হাসান সেতু, পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পে চাকরী নেওয়ার অভিযোগ উঠেছে আছিয়া খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অসত্য শিক্ষাগত তথ্য ও সনদ ব্যবহার করে নিয়োগ পাওয়ার পর প্রায় চার মাস ধরে দায়িত্ব পালন করছেন তিনি। এ সময়ে প্রকল্পের আওতায় সরকারি অর্থও উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সামনে আসার পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, সনদ যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, দেবীগঞ্জ সদর ইউনিয়নে ভিডব্লিউবি প্রকল্পের কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন আছিয়া খাতুন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা হৃদম। নিয়োগের সময় জমা দেওয়া জীবনবৃত্তান্তে তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্য উল্লেখ করেন। সেখানে তাঁর জিপিএ দেখানো হয়েছে ৩ দশমিক ৪৪। পাশাপাশি ভাউলাগঞ্জ নেছারিয়া দারুস সালাম আলিম মাদ্রাসা থেকে ২০১৮ সালে দাখিল পাসের তথ্যও উল্লেখ রয়েছে।

তবে একই ব্যক্তির নামে ২০১৮ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন সাধারণ বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আরেকটি সনদ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ একই বছরে দুটি ভিন্ন শিক্ষাবোর্ডের অধীন দাখিল ও এসএসসি পাসের সনদ ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, অনুসন্ধানে সংশ্লিষ্ট দুই পরীক্ষার কোনোটিতেই তাঁর উত্তীর্ণ হওয়ার সত্যতা পাওয়া যায়নি। ফলে সনদ দুটির প্রকৃত সত্যতা ও বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক যাচাই প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে।

শুধু ভিডব্লিউবি প্রকল্পেই নয়, এর আগে বিভিন্ন এনজিও ও বীমা প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রেও একই ধরনের সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে আছিয়া খাতুনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এফএ পদে কর্মরত থাকার সময় সহকর্মী কেয়া আক্তারের সহযোগিতায় তিনি এসব সনদ সংগ্রহ করেন। তবে পূর্ববর্তী চাকরি ও সনদ সংগ্রহের বিষয়ে ওঠা অভিযোগগুলোরও স্বাধীন ও দাপ্তরিক তদন্ত প্রয়োজন।

আছিয়া খাতুন দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল হোসেনের মেয়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আছিয়া খাতুন সনদের বৈধতা নিয়ে সরাসরি কোনো ব্যাখ্যা না দিয়ে সাংবাদিকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “সন্তানদের কথা বিবেচনা করে যদি অন্যায় করেও থাকি, তাহলে আপনাদের এত মাথাব্যথা কেন? আমার মূল সনদ কেউ দেখাবে না আপনাদের। এরকম হুমকি অনেক সাংবাদিক দিয়েছে, কেউ কিছু করতে পারেনি।

তাঁর এই বক্তব্যের পর সনদের সত্যতা যাচাই এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান জানার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে হৃদমের দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোরশেদ জানান, নিয়োগের সময় সনদ জাল হওয়ার বিষয়টি তাঁদের জানা ছিল না। তাঁর ভাষ্য, স্বামী পরিত্যক্ত নারী হওয়ায় মানবিক বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন এবং হৃদমের নির্বাহী পরিচালক হাসিনা বেগমকেও জানানো হয়েছে। চলতি মাসে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। তবে সংবাদ প্রকাশ না করার জন্যও তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।

দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, তথ্য গোপন করে চাকরি করা কাউকে সরকারি কার্যক্রমের তদারকির দায়িত্বে রাখার সুযোগ নেই। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হৃদম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার লিয়ন কুমার রায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভিডব্লিউবি প্রকল্পে নিয়োগপ্রাপ্ত প্রত্যেক সদস্যের মূল শিক্ষাগত সনদ জমা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সনদ সংগ্রহের পর সেগুলো যাচাই-বাছাই করা হবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, “বিষয়টি আমি শুনেছি। সকলের সনদ যাচাই-বাছাই করার জন্য মূল সনদ জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সরকারি অর্থায়নে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পে নিয়োগের আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও সনদ যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই ব্যক্তির নামে দুটি ভিন্ন শিক্ষাবোর্ডের সনদ ব্যবহারের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ভূমিকা কী হবে, সেটিও এখন গুরুত্বপূর্ণ বিষয়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর নিয়োগের বৈধতা, ইতোমধ্যে উত্তোলিত সরকারি অর্থ এবং নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়দায়িত্ব কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি কালক্ষেপণ না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সংশ্লিষ্ট দুই শিক্ষাবোর্ডের মাধ্যমে সনদগুলোর সত্যতা যাচাই, নিয়োগসংক্রান্ত নথিপত্র পরীক্ষা এবং সরকারি অর্থ উত্তোলনের হিসাব পর্যালোচনা করা জরুরি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি কিংবা অনিয়ম থাকলে সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দ সরকারি অর্থ যেন প্রকৃত উপকারভোগী ও যোগ্য ব্যক্তিদের কল্যাণে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *