পুলিশের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে চলাচল আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করতে বিশেষ মোটরসাইকেল ঋণ সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড র্যানকন সুজুকির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এই উদ্যোগের ফলে পুলিশ সদস্যদের পছন্দের মোটরসাইকেল কেনা হবে আরও সহজ ও সাশ্রয়ী।
সম্প্রতি আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং র্যানকন সুজুকির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব হাবিব ইফতেখার আলম।
এই বিজনেস পার্টনারশিপের আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আকর্ষণীয় শর্তে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য বিশেষ ঋণ সুবিধা পাবেন। এ সুবিধার আওতায় সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, ৯ শতাংশ সুদের হার এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেও এ সুবিধা গ্রহণ করা যাবে।
বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশের মানুষের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত প্রয়োজন, যাতায়াতের সুবিধা এবং জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই পুলিশ সদস্যদের জন্য বিশেষায়িত ও সময়োপযোগী এই অর্থায়ন সুবিধা নিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক। নিজস্ব প্রয়োজন কিংবা পেশাগত যাতায়াত—উভয় ক্ষেত্রেই মোটরসাইকেল কেনার স্বপ্ন পূরণে উদ্যোগটি পুলিশ সদস্যদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণে প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা ও আধুনিক ব্যাংকিং সমাধান প্রদানে কাজ করে যাচ্ছে। র্যানকন সুজুকির সঙ্গে এই অংশীদারত্ব সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি নতুন সংযোজন। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পুলিশ সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার আর্থিক সক্ষমতা ও সুযোগ বাড়বে, অন্যদিকে নির্ভরযোগ্য ব্র্যান্ডের সঙ্গে ব্যাংকিং সেবার সমন্বয়ে তৈরি হবে আরও সহজ ও গ্রাহকবান্ধব অভিজ্ঞতা।
কৌশলগত বিজনেস পার্টনারশিপ, উদ্ভাবনী অর্থায়ন এবং গ্রাহকের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ পুলিশের সদস্যদের আর্থিক কল্যাণে অবদান রাখতে এবং তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
