মোঃ মোরছালিন, জয়পুরহাট:
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় শহীদ ডা. আব্দুল কাশেম ময়দানে আয়োজিত কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি। ২০১৪ সালের পর থেকে জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এস এম রাশেদুল আলম সবুজ, শহর আমীর আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামী নেতারা বলেন, নির্বাচনের আগে ৫ দফা বাস্তবায়ন হলে জনগণের আস্থা ফিরবে এবং একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।
